কম্পিউটারের জন্য সেরা RAM কীভাবে বাছাই করবেন

কম্পিউটার এর জন্য সেরা RAM কীভাবে বাছাই করবেন?

নতুন PC build হোক বা পুরোনো PC upgrade, RAM বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। তবে শুধু বেশি GB-এর RAM নিলেই সবসময় ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। অনেকেই শুধু বেশি GB দেখে RAM কিনে ফেলেন। কিন্তু RAM কেনার সময় ধারণক্ষমতার সঙ্গে আরও কিছু বিষয় মাথায় রাখতে হয়।

RAM কেনার আগে সঠিক সিদ্ধান্ত নিতে হলে  RAM কী, এটি কিভাবে কাজ করে, RAM-এর কত ধরনের রয়েছে, আপনার কম্পিউটারের জন্য কতটুকু RAM দরকার, এবং সেরা RAM কিভাবে নির্বাচন করবেন সেটি জানা জরুরি

র‍্যাম (RAM) কী? র‍্যামের প্রকারভেদ এবং এটি কিভাবে কাজ করে?

RAM-এর পূর্ণরূপ হলো Random Access Memory। এটি কম্পিউটারের অস্থায়ী মেমোরি, যেখানে চলমান সফটওয়্যার ও প্রয়োজনীয় ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করা হয়।

ধরি, আপনি একসঙ্গে ব্রাউজারে ২০টি ট্যাব খুলেছেন, Microsoft Word-এ কাজ করছেন এবং গান শুনছেন। এই সব তথ্য RAM-এ সাময়িকভাবে সংরক্ষিত থাকে, যাতে প্রসেসর দ্রুত সেগুলো ব্যবহার করতে পারে।

কিন্তু মনে রাখবেন, RAM স্থায়ী স্টোরেজ নয়। কম্পিউটার বন্ধ হলে RAM-এর সব তথ্য মুছে যায়। এজন্য, এটি SSD বা HDD-এর বিকল্প নয়

RAM কত প্রকারের হয়?

র‍্যাম (RAM) মূলত দুটি ধরনের হয়ে থাকে: স্ট্যাটিক র‍্যাম (SRAM) এবং ডাইনামিক র‍্যাম (DRAM)। এর পাশাপাশি, আধুনিক কম্পিউটারগুলিতে ব্যবহৃত ডিডিআর (DDR) জেনারেশনের বিভিন্ন রূপও রয়েছে, যা তাদের কাজের ভিত্তিতে ভিন্ন।

স্ট্যাটিক র‍্যাম (SRAM): এটি অত্যন্ত দ্রুত এবং এর মধ্যে ডেটা ধরে রাখার জন্য সার্বক্ষণিক রিফ্রেশের প্রয়োজন পড়ে না। তবে এর দাম তুলনামূলকভাবে বেশি, তাই এটি সাধারণত প্রসেসরের ক্যাশ মেমরি (CPU Cache) হিসেবে ব্যবহৃত হয়।

ডাইনামিক র‍্যাম (DRAM): এটি তুলনামূলক সস্তায় তৈরি করা যায়, কিন্তু এর ক্যাপাসিটার থেকে চার্জ কমে যাওয়ার কারণে ডেটা সুরক্ষিত রাখার জন্য নিয়মিত রিফ্রেশ করা দরকার। এটি কম্পিউটার এবং ল্যাপটপের মূল মেমরি বা মেইন মেমরি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ডিডিআর (DDR) র‍্যামের প্রজন্ম

আজকের কম্পিউটার এবং ল্যাপটপে ডিডিআর (DDR – Double Data Rate) প্রযুক্তির ডাইনামিক র‍্যাম ব্যবহৃত হচ্ছে। গতির ভিত্তিতে এর ভিন্ন ভিন্ন প্রজন্ম রয়েছে:

– DDR3: DDR3 এখন অনেক পুরোনো প্রযুক্তি। পুরোনো ডেস্কটপ ও ল্যাপটপে এটি দেখা যায়।

– DDR4: বর্তমানে DDR4 সবচেয়ে বেশি ব্যবহৃত RAM। এটি ভালো পারফরম্যান্স, কম বিদ্যুৎ খরচ এবং তুলনামূলক কম দামের কারণে এখনও জনপ্রিয়।

– DDR5: DDR5 হলো নতুন প্রজন্মের RAM। এটি DDR4-এর তুলনায় বেশি স্পিড, উন্নত ব্যান্ডউইথ এবং ভবিষ্যতের জন্য ভালো বিনিয়োগ।

তবে DDR5 ব্যবহার করতে হলে আপনার মাদারবোর্ড এবং প্রসেসর সেটি সমর্থন করতে হবে।

RAM কীভাবে কাজ করে?

যখন আপনি কম্পিউটারে কোনো সফটওয়্যার রান করেন, তখন সেটি সরাসরি SSD বা হার্ড ড্রাইভ থেকে বারবার তথ্য আহরণ করে না। প্রয়োজনীয় তথ্যগুলি RAM এ স্থানান্তরিত হয় এরপর প্রসেসর এই RAM থেকে দ্রুত তথ্য নিয়ে কাজ করতে শুরু করে। RAM এর গতি এবং ধারণক্ষমতা যত বেশি হবে, তত সহজে একাধিক সফটওয়্যার একসাথে চালানো সম্ভব হয়।

কম্পিউটারে কতটুকু র‍্যাম দরকার

আপনার কম্পিউটারে কতটুকু RAM দরকার, তা নির্ভর করে আপনি কী কাজে কম্পিউটারটি ব্যবহার করছেন তার ওপর। শুধু ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস বা সাধারণ অফিসের কাজের জন্য ৮GB RAM বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট। ৪GB দিয়েও এই ধরনের কাজ চালানো যায়, তবে একাধিক সফটওয়্যার একসাথে চালালে ধীরগতির সমস্যা দেখা দিতে পারে।

নিয়মিত Photoshop, Illustrator, AutoCAD-এর মতো সফটওয়্যার ব্যবহার করলে বা মাঝারি মানের গেম খেললে ১৬GB RAM আপনার জন্য সবচেয়ে ভালো অপশন। বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারীর জন্য এটিই সবচেয়ে ভারসাম্যপূর্ণ পছন্দ।  অন্যদিকে,, ভিডিও এডিটিং, 3D ডিজাইন, ভার্চুয়াল মেশিন বা ভারী সফটওয়ার ব্যবহারের জন্য ৩২GB বা তার বেশি RAM প্রয়োজন হতে পারে।

আরও পড়ুনঃ যত বেশি র‍্যাম, তত বেশি পিসি পারফরম্যান্স? সত্যি নাকি মিথ্যা?

কম্পিউটারের জন্য সেরা RAM কীভাবে নির্ধারণ করবেন?

RAM কেনার পূর্বে প্রথমে নিশ্চিত করুন আপনার কম্পিউটারের মাদারবোর্ড কোন ধরনের RAM সমর্থন করে । DDR4 সমর্থিত মাদারবোর্ডে DDR5 RAM ব্যবহার করা যায় না। একইভাবে DDR5 মাদারবোর্ডেও DDR4 RAM বসানো সম্ভব নয়। তাই আপনার র‍্যামের সামঞ্জস্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর RAM-এর ধারণক্ষমতা নির্বাচন করুন। যদি আপনি প্রয়োজনের তুলনায় কম RAM কেনেন, তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে, আবার অপ্রয়োজনীয়ভাবে বেশি RAM কিনলেও সব সময় অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না।

RAM-এর স্পিডও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে 3200MHz, 3600MHz, 5200MHz এবং 6000MHz স্পিডের RAM পাওয়া যায়। তাই আপনার প্রসেসর এবং মাদারবোর্ড যে স্পিড সমর্থন করে, সেই অনুযায়ী RAM নির্বাচন করাই ভালো।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Dual Channel। একটি ১৬GB RAM-এর বদলে দুটি ৮GB RAM ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ভালো পারফরম্যান্স পাওয়া যায়, কারণ Dual Channel প্রযুক্তি প্রসেসরকে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ দেয়।

সবশেষে, RAM কেনার সময় বিশ্বস্ত ব্র্যান্ড বেছে নেওয়াও জরুরি। পরিচিত ব্র্যান্ডগুলো সাধারণত দীর্ঘমেয়াদে ভালো নির্ভরযোগ্যতা ও ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে।

আরও পড়ুনঃ কম দামে সেরা ৫টি র‍্যাম

আপনার পিসির জন্য সেরা RAM কিভাবে বাছাই করবেন?

সঠিক RAM নির্বাচন করতে হলে আপনার প্রথমে আপনার কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এর প্রসেসর, মাদারবোর্ড এবং অপারেটিং সিস্টেম কোন ধরনের RAM সমর্থন করে তা জানা জরুরি। এরপর আপনার বর্তমান কাজ এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রয়োজন বিবেচনা করুন।

আপনি যদি আগামী কয়েক বছর একই কম্পিউটার ব্যবহার করতে চান, তাহলে এমন RAM নির্বাচন করাই ভালো যা সহজে আপগ্রেড করার সুযোগ দেয়। যেমন, মাদারবোর্ডে যদি চারটি RAM স্লট থাকে, তাহলে শুরুতে দুটি স্লট ব্যবহার করে পরে প্রয়োজনমতো আরও RAM যোগ করা যায়।

RAM কেনার সময় যেসব ভুল এড়ানো উচিত

অনেক ব্যবহারকারী শুধু বেশি GB দেখে RAM কিনে ফেলেন, কিন্তু মাদারবোর্ড সেটি সমর্থন করে কি না তা যাচাই করেন না। আবার অনেকে RAM-এর স্পিড বা ব্র্যান্ডের দিকে তেমন গুরুত্ব দেন না। ফলে বাড়তি খরচ করেও প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া কঠিন হয়ে যায়।

RAM কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনার মাদারবোর্ডের মডেল, প্রসেসরের সমর্থিত RAM স্পিড এবং ভবিষ্যতে আপগ্রেডের পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে বিবেচনা করা উচিত। এতে অপ্রয়োজনীয় খরচ কমে আসবে এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য ভালো পারফরম্যান্স উপভোগ করতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ New PC Build-এর আগে যে ভুলগুলো করা যাবেনা

পরামর্শ

RAM আপনার কম্পিউটারের অন্যতম গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। সঠিক RAM নির্বাচন করলে আপনার কম্পিউটারের গতি বাড়বে, একাধিক সফটওয়্যার নির্বিঘ্নে চলতে পারবে এবং সামগ্রিক ব্যবহারের অভিজ্ঞতা আরও সুন্দর হবে। তাই RAM কেনার সময় শুধুমাত্র ধারণক্ষমতাই নয়, বরং এর প্রকার, স্পিড, মাদারবোর্ডের সামঞ্জস্য, ব্র্যান্ড এবং আপনার ব্যবহারিক প্রয়োজনের বিষয়গুলোও গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরি। সঠিক পরিকল্পনা করে RAM নির্বাচন করলে আপনার কম্পিউটার দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে।

Similar Posts