মনিটর কেনার আগে যেসকল বিষয় খেয়াল রাখবেন
নতুন মনিটর কিনতে গেলে দাম বা স্ক্রিনের আকারের উপর সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। আপনার কাজের ধরন, বাজেট, কম্পিউটারের সক্ষমতা এবং প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে মনিটর নির্বাচন করা উচিত। অফিসের কাজ, পড়াশোনা, গেমিং, গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের জন্য সব ধরনের মনিটর উপযুক্ত না। তাই কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।
মনিটর কেনার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো
প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে, মনিটরটি কোন কাজে ব্যবহার করবেন। অফিসের কাজ, পড়াশোনা, ওয়েব ব্রাউজিং এবং সাধারণ ব্যবহারের জন্য ভালো ডিসপ্লে কোয়ালিটি ও পর্যাপ্ত রেজোলিউশনের একটি মনিটর যথেষ্ট।
গেমিংয়ের ক্ষেত্রে, রিফ্রেশ রেট, রেসপন্স টাইম এর মতো বৈশিষ্ট্যগুলো বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি বা ভিডিও এডিটিংয়ের জন্য রেজোলিউশন, কালার অ্যাকুরেসি এবং কালার কভারেজের দিকে বিশেষ নজর দিতে হবে।
সঠিক মনিটর সাইজ নির্বাচন
মনিটরের স্ক্রীনের আকার সাধারণত Diagonal Measurement অনুযায়ী নির্ধারণ করা হয়। বাজারে 22, 24, 27, 32 ইঞ্চি এবং আরও বড় সাইজের মনিটর পাওয়া যায়।
22 থেকে 24 ইঞ্চি মনিটর অফিস, পড়াশোনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ। ছোট বা মাঝারি আকারের ডেস্কে 24 ইঞ্চি মনিটর একটি ভারসাম্যপূর্ণ পছন্দ হতে পারে।
অপরদিকে 27 ইঞ্চি মনিটরে স্ক্রিন কিছুটা বড় থাকে, তাই কাজ করার জন্য বেশি জায়গা পাওয়া যায়। গেমিং, একসঙ্গে কয়েকটি কাজ করা, গ্রাফিক ডিজাইন ও কনটেন্ট তৈরির জন্য এটি ভালো পছন্দ।
32 ইঞ্চি বা তার বেশি সাইজের মনিটরগুলি বড় কর্মক্ষেত্র বা বিনোদনের জন্য ভালো হতে পারে। তবে বড় স্ক্রীন কেনার আগে ডেস্কে পর্যাপ্ত জায়গা এবং মনিটর থেকে দেখার জন্য উপযুক্ত দূরত্ব রয়েছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
রেজোলিউশন অনুযায়ী মনিটর নির্বাচন
রেজোলিউশন মানে হল আপনার স্ক্রিনে মোট পিক্সেলের সংখ্যা। সাধারণভাবে, রেজোলিউশন বেশি হলে ছবি ও লেখা বেশি পরিষ্কার ও বিস্তারিত দেখা যায়।
QHD বা 2560×1440 রেজোলিউশন Full HD-এর তুলনায় আরও পরিষ্কার ও বিস্তারিত ছবি দেখায়। 27 ইঞ্চির মতো বড় স্ক্রিনে গেমিং, মাল্টিটাস্কিং এবং সৃজনশীল কাজের জন্য এটি ভালো পছন্দ।
4K বা 3840×2160 আরও পরিষ্কার ও বিস্তারিত ছবি প্রদান করে। যদি আপনার উচ্চ রেজোলিউশন কনটেন্ট, ভিডিও এডিটিং অথবা বড় স্ক্রিনে পরিষ্কার ছবি প্রয়োজন হয়, তাহলে এই রেজোলিউশনটি উপযোগী হতে পারে।
তবে 4K রেজোলিউশনের মনিটর চালানোর জন্য গ্রাফিকস কার্ডের উপরে বেশি চাপ পড়তে পারে। সুতরাং, 4K গেমিং মনিটর কেনার পূর্বে আপনার GPU-এর সক্ষমতা যাচাই করা জরুরি।
মনিটরের প্যানেল টাইপের পার্থক্য
একটি মনিটরের ছবির গুণমান এবং দেখার অভিজ্ঞতা নির্ধারণে প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। IPS, VA এবং OLED প্যানেলের মধ্যে ছবির মান, রঙ, কনট্রাস্ট, রেসপন্স টাইম ও ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে।
IPS প্যানেল চমৎকার এবং বিভিন্ন দিক থেকে দেখলেও ছবি পরিষ্কার থাকে। এটি অফিসের কাজ, ডিজাইন, কনটেন্ট নির্মাণ এবং গেমিংয়ের জন্য বেশ জনপ্রিয়।
VA প্যানেল সাধারণত IPS-এর তুলনায় বেশি কনট্রাস্ট থাকে। সিনেমা দেখা কিংবা অন্ধকার দৃশ্যের ভিত্তিতে কনটেন্ট উপভোগের জন্য VA প্যানেল ভালো অভিজ্ঞতা দিতে পারে।
OLED প্যানেল প্রতিটি পিক্সেলকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করে, এ কারণে এটি গভীর কালো, উচ্চ কনট্রাস্ট এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদান করে। প্রিমিয়াম গেমিং ও বিনোদনের জন্য OLED প্যানেল অত্যন্ত আকর্ষণীয় হতে পারে।
রিফ্রেশ রেট ও রেসপন্স টাইম
Refresh Rate বোঝায় মনিটর প্রতি সেকেন্ডে কতবার ছবি Refresh করতে পারে। এটি Hz দিয়ে প্রকাশ করা হয়।
সাধারণ কাজের জন্য 60Hz যথেষ্ট হতে পারে। 100Hz বা 120Hz scrolling ও animation-কে আরও মসৃণ করতে পারে। Gaming-এর ক্ষেত্রে 144Hz, 165Hz বা তার বেশি refresh রেট দ্রুতগতির দৃশ্যকে আরও মসৃণ করে এবং ভালো অভিজ্ঞতা দিতে পারে।
Response Time হলো পিক্সেল কত দ্রুত রং পরিবর্তন করতে পারে। গেমিংয়ের জন্য কম Response Time ভালো। এটি দ্রুত দৃশ্যে ঝাপসা বা Ghosting কমাতে সাহায্য করে।
তবে বেশি রিফ্রেশ রেটের মনিটর কিনলেই ভালো গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে, বিষয়টি এমন নয়। আপনার Graphics Card পর্যাপ্ত Frame Rate দিতে পারছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
কালার অ্যাকুরেসি এবং HDR
সাধারণ ব্যবহারকারীদের জন্য কালার অ্যাকুরেসি এতটা জরুরি নাও হতে পারে, তবে সৃজনশীল পেশাজীবীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার এবং ভিডিও এডিটরদের জন্য sRGB, DCI-P3 অথবা Adobe RGB কালার কভারেজ বিবেচনা করা উচিত। তবে, শুধু কালার কভারেজ বেশি হলেই মনিটরটি যথার্থ হবে না; কালার অ্যাকুরেসি এবং ক্যালিব্রেশনের বিষয়েও খেয়াল রাখা দরকার।
HDR থাকলে ছবিতে উজ্জ্বল অংশ ও অন্ধকার অংশ আরও ভালোভাবে দেখা যায়। গেম খেলা বা সিনেমা দেখার সময় এটি আরও ভালো দেখার অভিজ্ঞতা দিতে পারে।
কানেক্টিভিটি ও প্রয়োজনীয় ফিচার
মনিটর কেনার আগে প্রয়োজনীয় পোর্ট আছে কি না,তা নিশ্চিত করুন। Desktop বা laptop-এর সঙ্গে সংযোগের জন্য HDMI, DisplayPort বা USB-C পোর্ট প্রয়োজন হতে পারে।
ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য USB-C একটি বিশেষ সুবিধা দিতে পারে, কারণ কিছু USB-C মনিটর একই সংযোগের মাধ্যমে ভিডিও, ডাটা এবং পাওয়ার ডেলিভারি সমর্থন করে।
আপনি যদি গেমিং মনিটর খুঁজে থাকেন, তাহলে Adaptive Sync সমর্থন আছে কি না, তা যাচাই করা গুরুত্বপূর্ণ। এটি গ্রাফিক্স কার্ডের ফ্রেম আউটপুট এবং মনিটরের রিফ্রেশ রেটের মধ্যে সঠিক সিঙ্ক্রোনাইজেশন বজায় রাখতে সহায়তা করে।
ব্যবহার অনুযায়ী মনিটর নির্বাচন
অফিস ও স্টাডি: 22 থেকে 24 ইঞ্চির Full HD IPS মনিটর সাধারণ অফিসের কাজ, পড়াশোনা ও ব্রাউজিংয়ের জন্য ভালো পছন্দ হতে পারে।
গেমিং: 24 থেকে 27 ইঞ্চির মনিটর বেছে নেওয়ার সময় উচ্চ রিফ্রেশ রেট, কম রেসপন্স টাইম এবং অ্যাডাপটিভ সিঙ্কের মতো বৈশিষ্ট্যগুলো বিবেচনা করা উচিত।
গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং: QHD বা 4K রেজোলিউশন, ভালো Color Accuracy এবং প্রয়োজনীয় কালার কভারেজ আছে এমন মনিটর বেছে নিন।
বিনোদন: বড় স্ক্রিন, ভালো কনট্রাস্ট এবং HDR সাপোর্ট থাকলে সিনেমা ও অন্যান্য কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও ভালো হতে পারে।
মনিটর কেনার আগে শেষবারের চেকলিস্ট
মনিটর কেনার আগে নিচের বিষয়গুলো মিলিয়ে নিন:
– স্ক্রিনের মাপ
– রেজুলেশন
– প্যানেলের ধরন
– রিফ্রেশ রেট
– রেসপন্স টাইম
– কালার অ্যাকুরেসি
– উজ্জ্বলতা ও কনট্রাস্ট
– HDMI, DisplayPort অথবা USB-C সমর্থন
– অ্যাডাপ্টিভ সিঙ্ক
– স্ট্যান্ডের সমন্বয়যোগ্যতা
– VESA সাপোর্ট
– ওয়ারেন্টি
– পিসি বা ল্যাপটপের সঙ্গে সামঞ্জস্য
পরামর্শ
সঠিক মনিটর নির্বাচন করার সময় আপনার কাজের ধরন, বাজেট এবং কম্পিউটার হার্ডওয়্যারকে একসাথে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। অফিস কাজের জন্য অতিরিক্ত স্পেসিফিকেশনের পিছনে খরচ না করে, ডিসপ্লের গুণমান ও আরামদায়ক ব্যবহারের দিকে মনোযোগ দিন।
যদি আপনি গেমিং বা সৃজনশীল কাজের জন্য মনিট খুঁজে থাকেন, তাহলে রিফ্রেশ রেট, রেসপন্স টাইম, রেজুলেশন এবং কালার অ্যাকুরেসির উপর বেশি গুরুত্ব দিন। বিভিন্ন মডেলের স্পেসিফিকেশন, মূল্য এবং ওয়ারেন্টি তুলনা করে আপনার প্রয়োজনের সাথে সবচেয়ে উপযুক্ত মনিটরটি বেছে নিন।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
