ডেডিকেটেড ও ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের মধ্যে পার্থক্য
কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় Graphics Card নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। Integrated Graphics নাকি Dedicated Graphics Card? সাধারণ কাজ, ব্রাউজিং, অফিসের কাজ বা ভিডিও দেখার জন্য Integrated Graphics যথেষ্ট হলেও Gaming, Video Editing, 3D Rendering কিংবা অন্যান্য ভারী কাজের জন্য Dedicated Graphics Card প্রয়োজন। কিন্তু দুটির মধ্যে আসল পার্থক্য কোথায়?
এই আর্টিকেলে আমরা Integrated ও Dedicated Graphics-এর মধ্যে পার্থক্য নিয়ে সহজভাবে আলোচনা করব। পাশাপাশি আপনার প্রয়োজন অনুযায়ী কোন ধরনের Graphics Card বেছে নেওয়া উচিত সেটিও জানাবো। তাই বিস্তারিত বুঝতে পুরো লেখাটি পড়ুন।
ইন্টিগ্রেটেড ও ডেডিকেটেড গ্রাফিক্সের মধ্যে পার্থক্য
ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হলো CPU-এর সঙ্গে একই চিপে থাকা GPU। এতে আলাদা গ্রাফিক্স কার্ড বা নিজস্ব VRAM থাকে না। প্রয়োজন অনুযায়ী এটি কম্পিউটারের RAM-এর একটি অংশ গ্রাফিক্স প্রসেসিংয়ের কাজে ব্যবহার করে। এই গ্রাফিক্স প্রসেসিংয়ের সময় এটি কম্পিউটারের RAM শেয়ার করে ব্যবহার করে। তাই কম RAM-এর কম্পিউটারে এর পারফরম্যান্স কিছুটা সীমিত হবে।
অন্যদিকে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হলো CPU থেকে আলাদা একটি গ্রাফিক্স হার্ডওয়্যার, যার নিজস্ব GPU চিপ এবং VRAM থাকে। ফলে গ্রাফিক্স প্রসেসিংয়ের সময় এটি কম্পিউটারের RAM-এর ওপর নির্ভর না করে নিজের VRAM ব্যবহার করতে পারে। তবে এর পাওয়ার কনসামপশন ও হিট তুলনামূলক বেশি হওয়ায় ভালো কুলিং সিস্টেমের প্রয়োজন।
কোন কাজে কোন ধরনের গ্রাফিক্স কার্ড ভালো?
আপনার কম্পিউটার বা ল্যাপটপে কী ধরনের গ্রাফিক্স সলিউশন প্রয়োজন, তা মূলত আপনার কাজের ওপর নির্ভর করে। আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিস, অনলাইন ক্লাস, ভিডিও দেখা কিংবা সাধারণ ছবি এডিটিং-এর মতো কাজ করেন, তাহলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সই যথেষ্ট।
আবার লাইট গেমিংয়ের ক্ষেত্রেও বর্তমান সময়ের অনেক ইন্টিগ্রেটেড GPU ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। তাই সাধারণ শিক্ষার্থী, অফিস ব্যবহারকারী বা যারা মূলত দৈনন্দিন সাধারণ কাজের জন্য কম্পিউটার ব্যবহার করেন, তাদের জন্য আলাদা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনা জরুরি নয়।
অন্যদিকে, আপনি যদি হাই-এন্ড গেমিং, ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং, CAD বা থ্রিডি ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাহলে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন।
এছাড়াও প্রফেশনাল ছবি বা ভিডিও এডিটিং-এর পাশাপাশি GPU-নির্ভর সফটওয়্যার এবং AI-ভিত্তিক কিছু সফটওয়্যারে একটি ডেডিকেটেড GPU দরকার। বিশেষ করে বড় প্রজেক্ট, হাই রেজোলিউশনের ভিডিও এবং হেভী থ্রিডি কাজের ক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের বেশি প্রসেসিং পাওয়ার ও নিজস্ব VRAM গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুনঃ কম দামে ভালো গ্রাফিক্স কার্ড
গেমিংয়ের জন্য Integrated নাকি Dedicated Graphics Card প্রয়োজন?
ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়েও গেমিং করা যায়, তবে সব ধরনের গেমের জন্য এটি উপযুক্ত নয়। লাইটওয়েট গেম বা কম গ্রাফিক্স রিকোয়ারমেন্টের গেমগুলো ইন্টিগ্রেটেড GPU-তে ভালোভাবেই খেলা সম্ভব। তবে এক্ষেত্রে গেমের গ্রাফিক্স সেটিং কমিয়ে খেলতে হতে পারে।
সাধারণত ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে 1080p রেজোলিউশনে কম বা মাঝারি গ্রাফিক্স সেটিংয়ে গেম খেলা যায় এবং গেমের ধরন অনুযায়ী কিছু ক্ষেত্রে হাই ফ্রেম রেটও পাওয়া সম্ভব। তবে হাই গ্রাফিক্স সেটিং, ভালো রেজোলিউশন, রে ট্রেসিং বা অন্যান্য ভারী গ্রাফিক্স ফিচার ব্যবহার করলে পারফরম্যান্সে বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে নতুন হাই-এন্ড AAA গেমে ইন্টিগ্রেটেড GPU-এর সীমাবদ্ধতা সহজেই বোঝা যায়।
অন্যদিকে, এধরণের নতুন হাই-এন্ড AAA গেম হাই রেজোলিউশন বা হাই গ্রাফিক্স সেটিংয়ে খেলতে চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন। এক্ষেত্রে ডেডিকেটেড GPU বেশি গ্রাফিক্স প্রসেসিং পাওয়ার দেওয়ায় সাধারণত ভালো FPS এবং স্মুথ গেমপ্লে পাওয়া যায়।
এছাড়াও একটি শক্তিশালী ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডে হাই রেজোলিউশন, হাই গ্রাফিক্স সেটিং, রে ট্রেসিং, সর্বোচ্চ রিফ্রেশ রেট এবং বিভিন্ন আপস্কেলিং প্রযুক্তির সুবিধা তুলনামূলকভাবে ভালোভাবে ব্যবহার করা যায়। তবে কোন ফিচার কতটা ভালোভাবে ব্যবহার করা যাবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করে নির্দিষ্ট গ্রাফিক্স কার্ডের ক্ষমতার ওপর।
তবে শুধু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকলেই যে গেমিং পারফরম্যান্স ভালো হবে, এমনটা ভাবা ঠিক নয়। পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে গ্রাফিক্স কার্ডের মডেল, VRAM এবং প্রসেসরের ওপর। পাশাপাশি পর্যাপ্ত RAM, ফাস্ট স্টোরেজ এবং ভালো কুলিং সিস্টেমও গুরুত্বপূর্ণ। গেমের গ্রাফিক্স সেটিং ও রেজোলিউশনও FPS-এর ওপর সরাসরি প্রভাব ফেলে।
ইন্টিগ্রেটেড ও ডেডিকেটেড গ্রাফিক্সের সমন্বয়
ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনার সময় শুধু গ্রাফিক্স কার্ডের নাম বা VRAM দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনার কম্পিউটারের প্রসেসরের সঙ্গে গ্রাফিক্স কার্ডটির মিল আছে কি না, সেটিও দেখে নিন। কারণ বর্তমানে কিছু প্রসেসরের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এতটাই শক্তিশালী যে, এর সঙ্গে খুব কম ক্ষমতাসম্পন্ন একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগালে পারফরম্যান্সে তেমন কোনো বড় পার্থক্য নাও দেখা যেতে পারে।
যেমন, AMD Ryzen 7 8700G-এর সঙ্গে Radeon 780M ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে। এই ইন্টিগ্রেটেড GPU দিয়েই অনেক লাইট ও মিড রেঞ্জের গেম খেলা যায়। এখন এর সঙ্গে যদি খুব কম ক্ষমতার একটি এন্ট্রি-লেভেল ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো হয়, তাহলে গেমিং পারফরম্যান্সে খুব বেশি উন্নতি হবে না।
এ ধরনের প্রসেসরের সঙ্গে আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে হলে এমন GPU দরকার, যেটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের তুলনায় স্পষ্টভাবে বেশি কার্যকর। যেমন, Radeon RX 7600-এর মতো মিড-রেঞ্জ গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে পারফরম্যান্সে ভালো পার্থক্য পাওয়া যাবে।
তাই গ্রাফিক্স কার্ড কেনার আগে মনে রাখুন, আপনার প্রসেসরের ইন্টিগ্রেটেড GPU যত বেশি প্রসেসিং পাওয়ার সম্পন্ন, গ্রাফিক্স কার্ডটি তার চেয়ে বেশি হওয়া উচিত। তা না হলে শুধু আলাদা গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য বাড়তি টাকা খরচ করেও প্রত্যাশিত পারফরম্যান্স পাবেন না।
একইভাবে, খুব হাই এন্ড গ্রাফিক্স কার্ডের সঙ্গে দুর্বল প্রসেসর ব্যবহার করলেও সমস্যা হতে পারে। কারন প্রসেসর যথেষ্ট পাওয়ারফুল না হলে সেটি গ্রাফিক্স কার্ডের ফুল পাওয়ার কাজে লাগাতে পারবে না। এমন পরিস্থিতিকে সাধারণভাবে বটলনেক বলা হয়।
গ্রাফিক্স কার্ড কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখবেন
গ্রাফিক্স কার্ড কেনার আগে নিচের বিষয়গুলো অবশ্যই যাচাই করুন:
- মাদারবোর্ডে প্রয়োজনীয় PCIe স্লট আছে কি না এবং কেসিংয়ে গ্রাফিক্স কার্ডের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কি না দেখুন।
- আপনার পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ডের প্রয়োজনীয় ওয়াটের জন্য যথেষ্ট কি না এবং প্রয়োজনীয় পাওয়ার কানেক্টর আছে কি না যাচাই করুন।
- 1080p গেমিংয়ের জন্য এক ধরনের GPU যথেষ্ট হলেও 1440p বা 4K গেমিংয়ের জন্য বেশি শক্তিশালী GPU প্রয়োজন। তাই আপনার গেমিং প্রয়োজন আনুযায়ী মডেল বেছে নিন।
- গ্রাফিক্স কার্ডের ক্ষমতা আপনার মনিটরের রেজোলিউশন ও রিফ্রেশ রেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
- নতুন জেনারেশনের GPU সবসময় বেশি শক্তিশালী হবে এমন নয়। আগের জেনারেশনের বেশি প্রসেসিং পাওয়ার সম্পন্ন GPU অনেক সময় নতুন জেনারেশনের কম ক্ষমতার মডেলের চেয়েও ভালো পারফরম্যান্স দিতে পারে।
মোটকথা আপনার কাজের ধরন এবং কম্পিউটারের সাথে সামঞ্জস্যপূর্ন রেখে গ্রাফিক্স কার্ড কিনুন
আরও পড়ুনঃ গ্রাফিক্স কার্ড কেনার আগে যেসব বিষয় জানা জরুরি
আপনার ঠিক কোন গ্রাফিক্স দরকার?
আপনার জন্য ইন্টিগ্রেটেড নাকি ডেডিকেটেড গ্রাফিক্স ভালো হবে তার সিদ্ধান্ত নিতে প্রথমে কম্পিউটার বা ল্যাপটপে আপনি কী ধরনের কাজ করেন, তা বিবেচনা করুন।
সাধারণ ব্রাউজিং, অফিসের কাজ, ভিডিও দেখা বা অন্যান্য দৈনন্দিন কাজের জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্সই যথেষ্ট। পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং সহজে বহন করা যায় এমন ল্যাপটপ চাইলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বেছে নেওয়া বেশি যুক্তিযুক্ত।
অন্যদিকে, গেমিং, ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং বা অন্যান্য ভারী গ্রাফিক্সের কাজের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। তাই আপনি যদি ভালো মানের গ্রাফিক্স পারফরম্যান্স চান, তাহলে ডেডিকেটেড GPU-ই নিন।
তবে ল্যাপটপ কেনার সময় ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড আপগ্রেড করা যাবে কি না, সেটিও মাথায় রাখুন। অধিকাংশ ল্যাপটপে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বাদ দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডে আলাদাভাবে আপগ্রেড করা যায় না। আবার বেশিরভাগ ল্যাপটপের ডেডিকেটেড GPU-ও মাদারবোর্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকে।
তাই ল্যাপটপে ডেস্কটপ কম্পিউটারের মতো সহজে নতুন গ্রাফিক্স কার্ড লাগানো যাবে না। কিছু বিশেষ ল্যাপটপে মডিউলার GPU ব্যবহারের সুযোগ থাকলেও এগুলো সাধারণ ল্যাপটপে দেখা যায় না।
উপসংহার
ইন্টিগ্রেটেড ও ডেডিকেটেড গ্রাফিক্স- দুটিরই নিজস্ব সুবিধা রয়েছে। তাই সর্বদা কাজের ধরন, প্রয়োজনীয় পারফরম্যান্স এবং বাজেট অনুযায়ী গ্রাফিক্স সলিউশন বেছে নেওয়াই সবচেয়ে ভালো। আশা করছি, এই ব্লগের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও ডেডিকেটেড গ্রাফিক্সের পার্থক্য এবং আপনার জন্য কোনটি বেশি উপযোগী, তা সহজেই বুঝতে পেরেছেন।
আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক কম্পিউটার, ল্যাপটপ বা গ্রাফিক্স কার্ড খুঁজে থাকলে Apple Gadgets Computer-এ পাবেন বিভিন্ন কাজ ও বাজেট অনুযায়ী উপযুক্ত কম্পিউটার সলিউশন। গেমিং, অফিসের কাজ, কনটেন্ট তৈরি কিংবা পেশাদার গ্রাফিক্সের কাজের জন্য আপনার প্রয়োজন বুঝে সঠিক ডিভাইস বেছে নিতে Apple Gadgets Computer-এর অভিজ্ঞ টিমের সহায়তা নিতে পারেন। তাই কম্পিউটার কেনার আগে ঘুরে আসুন Apple Gadgets Computer থেকে এবং আপনার কাজের জন্য উপযুক্ত পারফরম্যান্সের ডিভাইস বেছে নিন সেরা ডিলে।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
