Mechanical Keyboard কী? সাধারণ কিবোর্ড থেকে পার্থক্য কোথায়?

Mechanical Keyboard কী? সাধারণ কিবোর্ড থেকে পার্থক্য কোথায়?

নতুন পিসি সেটআপ বা আপগ্রেড করার কথা উঠলেই আজকাল সবাই Mechanical Keyboard কিনতে সাজেস্ট করেন। এই কিবোর্ডের নান্দনিক সাউন্ড আর RGB লাইটিং সবার নজর কাড়ে  ঠিকই,  কিন্তু প্রশ্ন হলো, এটিকি দেখতে শুধু আকর্ষণীয়, নাকি কাজের ক্ষেত্রেও এর বাড়তি কোনো সুবিধা আছে? আজকের এই ব্লগে আমরা সাধারণ কিবোর্ডের সাথে মেকানিক্যাল কিবোর্ডের পার্থক্যগুলো জানবো , যা পরবর্তীতে আপনাকে কিবোর্ড বেছে নেওয়ার সিদ্ধান্তকে অনেকটাই  সহজ করে দেবে। 

Mechanical Keyboard কী? 

সহজ ভাষায় বলতে গেলে, মেকানিক্যাল কিবোর্ড হলো এমন এক ধরণের কিবোর্ড যার প্রতিটি কী এর নিচে একটি করে আলাদা ও সম্পূর্ণ স্বাধীন Mechanical Switch থাকে। আপনি যখন কোনো একটি কী-তে চাপ দেন, তখন সেই সুইচের ভেতরে থাকা প্লাস্টিক স্টেমটি নিচে নেমে একটি মেটাল স্প্রিংকে সংকুচিত করে এবং ভেতরের মেটাল কন্ট্যাক্টটি একে অপরকে স্পর্শ করে কম্পিউটারে সিগন্যাল পাঠায়।

আমরা সাধারণত বাসাবাড়িতে বা অফিসে যে সস্তা কিবোর্ডগুলো দেখে অভ্যস্ত, সেগুলোকে বলা হয় Membrane Keyboard। মেমব্রেন কিবোর্ডে প্রতিটি কী-এর নিচে আলাদা কোনো মেকানিক্যাল পার্টস বা সুইচ থাকে না। সেখানে পুরো কিবোর্ড জুড়ে মূলত একটি প্লাস্টিক বা রাবারের শিট থাকে, যার ওপর ছোট ছোট Rubber Domes বসানো থাকে। মেকানিক্যাল কিবোর্ডের এই প্রতিটি কী- এর নিচে আলাদা সুইচের ব্যবস্থাপনাই এর কার্যক্ষমতা, স্থায়িত্ব এবং টাইপিংয়ের এক্সপেরিয়েন্সকে সাধারণ কিবোর্ড থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে।

Actuation Point: মেকানিক্যাল কিবোর্ড এগিয়ে আছে যেখানে

একটি কী কতটুকু নিচে চাপলে  কম্পিউটার বুঝতে পারবে যে টাইপ হয়েছে, সেই নির্দিষ্ট দূরত্বকেই বলা হয় Actuation Point

সাধারণ মেমব্রেন কিবোর্ডের ক্ষেত্রে সিগন্যাল তৈরি করতে হলে Key-টিকে একদম শেষ পর্যন্ত চেপে নিচে ঠেকাতে হয় , যাকে ‘Bottoming Out’ বলা হয় । চাবিটি পুরোপুরি নিচে গিয়ে সার্কিটের স্তরে চাপ না দিলে টাইপ রেজিস্টার হয় না। ফলে অনবরত টাইপ করার সময় আঙুলের ডগায় এক ধরণের মৃদু ধাক্কা অনুভূত হতে পারে। 

অপরদিকে, মেকানিক্যাল কিবোর্ডের ক্ষেত্রে সিগন্যাল রেজিস্টার করার জন্য বাটনটি একদম শেষ পর্যন্ত চাপার দরকার  পড়ে না। সুইচের ভেতরের মেকানিজম এমনভাবে তৈরি যে, সাধারণত বাটনটি অর্ধেক নিচে নামার আগেই (প্রায় ২ মিলিমিটার দূরত্বের মধ্যে) মেটাল কন্ট্যাক্ট দুটি পরস্পরকে স্পর্শ করে ফেলে এবং কম্পিউটারে টাইপ কমপ্লিট হয়ে যায়। একবার এই মেকানিজমে আঙুল অভ্যস্ত হয়ে গেলে খুব হালকা চাপে এবং অনেক দ্রুত গতিতে টাইপ করা সম্ভব হয়, ফলে আঙুলে ক্লান্তি আসেনা,দীর্ঘমেয়াদে জয়েন্ট পেইনও  কমাতে সাহায্য করে।

Switch Variation

মেকানিক্যাল কিবোর্ড ব্যবহারের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে সুইচের ভ্যারিয়েশন। আপনার কিবোর্ডের বাটন চাপলে কেমন শব্দ হবে কিংবা আঙুলে কেমন চাপ লাগবে, তা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন রঙের সুইচ ব্যবহার করছেন তার ওপর। গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এই সুইচগুলোকে প্রধানত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়: 

১. Clicky Switches – Blue Switch

যারা টাইপ করার সময় টাইপরাইটারের মতো স্পষ্ট একটা  ‘ক্লিক’ শব্দ পছন্দ করেন, এটি মূলত তাদের জন্য । এই সুইচে কী প্রেস করার সময় আঙুলে একটি হালকা ধাক্কা বা Tactile Bump অনুভূত হয়, যা নিশ্চিত করে যে টাইপটি সফল হয়েছে।

২. Tactile Switches – Brown Switch

এটি মূলত ক্লিকি সুইচের মতোই ভালো  ফিজিক্যাল ফিডব্যাক দেয়, তবে এতে কোনো জোরালো ‘ক্লিক’ শব্দ হয় না। বাটন প্রেসের সময় আঙুলে সেই হালকা চাপ অনুভূত হয়। অফিস বা যৌথ কাজের পরিবেশে যারা  মেকানিক্যাল কিবোর্ডের ফিল পেতে চান, তাদের জন্য ব্রাউন সুইচ একটি চমৎকার অপশন।

৩. Linear Switches – Red Switch

এই সুইচ একদম সফট  ও স্মুথ হয়। এতে কোনো ক্লিক শব্দ বা মাঝপথে কোনো ট্যাকটাইল বাধা থাকে না। খুব হালকা অ্যাকচুয়েশন ফোর্সের কারণে এটি অত্যন্ত দ্রুত রেসপন্স দেয় এবং কোনো শব্দ ছাড়াই মসৃণ টাইপিং অভিজ্ঞতা নিশ্চিত করে। কম্পিটিটিভ গেমারদের মধ্যে এই সুইচের গ্রহণযোগ্যতা সাধারণত বেশি দেখা যায়।

মেকানিক্যাল কিবোর্ড বনাম সাধারণ কিবোর্ড : পার্থক্য কোথায়?

উভয় কিবোর্ডের কাজের প্রক্রিয়া তো জানা গেল, এবার এদের মধ্যকার মূল পার্থক্যগুলো বিভিন্ন প্যারামিটারের ওপর ভিত্তি করে একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক:

১.Typing Experience & Muscle Fatigue

মেমব্রেন কিবোর্ডে রাবারের ডোম থাকার কারণে টাইপ করার সময় কিছুটা স্পঞ্জের মতো অনুভূতি হতে পারে, যাকে অনেকেই ‘Mushy Feel’ বলে থাকেন। যেহেতু প্রতিটি ক্লিকে বাটনটি একদম শেষ পর্যন্ত চাপতে হয়, তাই একটানা টাইপ করলে আঙুলের পেশীতে ফ্যাটিগ চলে আসতে পারে।

অন্যদিকে, মেকানিক্যাল কিবোর্ডের স্প্রিং মেকানিজম আঙুলকে প্রাকৃতিকভাবে বাউন্স-ব্যাক পুশ দেয়। অ্যাকচুয়েশন পয়েন্টের সুবিধার কারণে আঙুলের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে হয় না, ফলে টাইপিং অনেক বেশি আরামদায়ক হয় । সাধারণ কিবোর্ডে দীর্ঘ সময় টাইপিং করে যদি আপনার আঙুলে ক্লান্তি বা অসাড়তা লাগে, তাহলে এই মেকানিক্যাল কিবোর্ড হতে পারে আপনার জন্য বেস্ট অপশন ।

২. Durability & Investment

সাধারণ মেমব্রেন কিবোর্ডের রাবার ডোমগুলো সময়ের সাথে সাথে তাদের ইলাস্টিসিটি হারিয়ে ফেলে। এগুলো সাধারণত ৫ থেকে ১০ মিলিয়ন (৫০ লাখ থেকে ১ কোটি) বার প্রেসের পর ধীরে ধীরে অকেজো, শক্ত বা আঠালো হয়ে যেতে শুরু করে। অনেক সময় দেখা যায়, কিবোর্ডের নির্দিষ্ট কিছু বাটন চাপলে আর আগের মতো কাজ করছে না।

এর বিপরীতে, Mechanical Keyboard গুলো অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং টেকসই মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। এক একটি মেকানিক্যাল সুইচ গড়ে ৫০ থেকে ১০০ মিলিয়ন (৫ থেকে ১০ কোটি) বার প্রেস করার ক্ষমতা রাখে। মজার বিষয় হলো, বছরের পর বছর ব্যবহারের পরও এর পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসে না। তাই কেনার সময় বেশি খরচ হলেও দীর্ঘমেয়াদে পুষিয়ে নেওয়া যায়। 

৩. Customization & Modability

মেমব্রেন কিবোর্ডে কাস্টমাইজেশনের সুযোগ প্রায় নেই বললেই চলে। এর ভেতরের রাবার শিট বা কি-ক্যাপসগুলো সাধারণত ফিক্সড থাকে কিন্তু মেকানিক্যাল কিবোর্ড ব্যবহারকারীর  নিজের পছন্দমতো কিবোর্ড সাজিয়ে নেওয়ার স্বাধীনতা থাকে । আপনি চাইলে কিবোর্ডের উপরের কি-ক্যাপস (Keycaps) বদলে নিজের পছন্দমতো রঙের, থিমের বা ডিজাইনের কি-ক্যাপ লাগাতে পারেন। এমনকি বাজারে ‘Hot-Swappable‘ কিবোর্ডও পাওয়া যায়, যার অর্থ হলো কোনো রকম সোল্ডারিং আয়রন বা টেকনিক্যাল ঝামেলা ছাড়াই আপনি যেকোনো সময় এর ভেতরের সুইচগুলো খুলে অন্য সুইচ (যেমন ব্লু সুইচের জায়গায় রেড বা ব্রাউন সুইচ) লাগিয়ে নিতে পারবেন।

৪. Maintenance

কিবোর্ডে কাজ করার সময় ধুলাবালি, খাবারের কণা বা চুল আটকে যাওয়া খুব সাধারণ বিষয়। সাধারণ মেমব্রেন কিবোর্ডের ভেতরে ময়লা জমলে তা পরিষ্কার করা বেশ কঠিন, কারণ এর ভেতরের রাবার শিটটি সহজে খোলা যায় না এবং লিকুইড ঢুকে সার্কিট নষ্ট হওয়ার ঝুঁকিও  বেশি থাকে।

মেকানিক্যাল কিবোর্ডের ক্ষেত্রে একটি ‘Keycap Puller’ দিয়ে প্রতিটি বাটন খুব সহজে আলাদাভাবে খুলে ফেলা যায়। ফলে সুইচের চারপাশ এবং কিবোর্ডের বেস বা ব্যাকপ্লেটটি খুব নিখুঁতভাবে পরিষ্কার করা সম্ভব। এমনকি কোনো একটি নির্দিষ্ট সুইচ নষ্ট হয়ে গেলে পুরো কিবোর্ড ফেলে না দিয়ে শুধু সেই সুইচটি পরিবর্তন করলেই কিবোর্ড আবার নতুনের মতো কাজ করা শুরু করে।

৫. N-Key Rollover & Anti-Ghosting

তীব্র গেমিং বা খুব দ্রুত টাইপ করার সময় অনেক সময় একসাথে বেশ কয়েকটি বাটন চাপার দরকার  হয়। মেমব্রেন কিবোর্ডে সাধারণত একসাথে ৩ থেকে ৪টির বেশি কী চাপলে অনেক সময় কিছু কী  লক হয়ে যায় বা সিগন্যাল কম্পিউটারে পৌঁছায় না, যাকে ‘Ghosting’ বলা হয়।

মেকানিক্যাল কিবোর্ডের অন্যতম বড় সুবিধা হলো এর ‘N-Key Rollover’ বা NKRO ফিচার। অর্থাৎ আপনি যদি একই সাথে কিবোর্ডের ১০টি বা তারও বেশি বোতাম একসাথে চাপেন, কম্পিউটার প্রতিটি বোতামের সিগন্যাল আলাদাভাবে এবং শতভাগ নিখুঁতভাবে গ্রহণ করবে।

আপনার জন্য কোনটি পারফেক্ট চয়েস?

কিবোর্ড নির্বাচনের ক্ষেত্রে কোনো একটিকে চূড়ান্তভাবে সেরা বলা যায় না, বরং এটি আপনার কাজের ধরণ, কাজের পরিবেশ এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের ওপর সম্পূর্ণ নির্ভর করে ।

গেমারদের জন্য: আপনি যদি নিয়মিত হাই-অ্যাকশন বা কম্পিটিটিভ গেম খেলেন, তাহলে আপনার জন্য মেকানিক্যাল কিবোর্ড (বিশেষ করে লিনিয়ার বা রেড সুইচ) বেশ ভালো রেসপন্স দিতে পারে। এর দ্রুত রেসপন্স টাইম এবং অ্যান্টি-গোস্টিং ফিচার গেমিং পারফরম্যান্সে বাড়তি সুবিধা দেয়।

রাইটার ও কোডারদের জন্য: আপনি যদি  প্রতিদিন হাজার হাজার শব্দ টাইপ করেন বা কোডিং করেন, তাহলে আপনার জন্য ক্লিকি (Blue) বা ট্যাকটাইল (Brown) সুইচের মেকানিক্যাল কিবোর্ড টাইপিংয়ের গতি বাড়াতে সাহায্য করবে। স্পষ্ট  ফিজিক্যাল ফিডব্যাকের কারণে টাইপ করার সময় ভুলের পরিমাণও কমে আসতে পারে।

সাধারণ বা অফিস ব্যবহারকারীদের জন্য: এছাড়াও আপনি যদি হালকা ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল আদান-প্রদান বা সাধারণ দাপ্তরিক কাজ করেন এবং বাজেট সীমিত হয়ে থাকে, তবে একটি স্ট্যান্ডার্ড মেমব্রেন বা সাধারণ কিবোর্ডই যথেষ্ট। দামেও  সাশ্রয়ী হওয়ায়  এটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস ।

পরিশেষ

মেকানিক্যাল কিবোর্ড এবং সাধারণ কিবোর্ডউভয়েরই নিজস্ব ক্ষেত্র ও উপযোগিতা রয়েছে। সাধারণ কিবোর্ডগুলো সাশ্রয়ী মূল্যে একটি নির্ভরযোগ্য সেবা দেয়, যা দৈনন্দিন সাধারণ কাজের জন্য উপযুক্ত। অন্যদিকে, মেকানিক্যাল কিবোর্ডব্যবহারকারীকে দেয় দীর্ঘস্থায়ী স্থায়িত্ব, চমৎকার টাইপিং ফিডব্যাক, অ্যাকচুয়েশন পয়েন্টের কম্ফোর্ট এবং নিজের মতো করে কিবোর্ড কাস্টমাইজ করার স্বাধীনতা । কিবোর্ড কেনার আগে এই বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিন । টেক দুনিয়ার এমন আরও দরকারি বাইং গাইড, গ্যাজেট রিভিউ এবং নিত্যনতুন প্রযুক্তির সঠিক তথ্য পেতে অ্যাপল গ্যাজেটস ব্লগের সাথেই থাকুন। 

Similar Posts