ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম

ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম

রান্নাঘরের ঝামেলা যেন দিন দিন বাড়ছেই। কখনও গ্যাসের চাপ কম, কখনও সিলিন্ডার রিফিলের অপেক্ষা, আবার কখনও অতিরিক্ত তাপ আর ধোঁয়ায় অস্বস্তিকর পরিবেশ। ব্যস্ত জীবনে এত ঝুঁকি সামলে দ্রুত ও নিরাপদে রান্না করাই এখন অনেকের প্রধান চাহিদা। এই প্রয়োজন থেকেই ইন্ডাকশন চুলা হয়ে উঠছে আধুনিক রান্নাঘরের জনপ্রিয় সমাধান

ইন্ডাকশন চুলা বিদ্যুৎচালিত, দ্রুত গরম হয় এবং কম সময়ে রান্না সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়া  খোলা আগুন নেই, অতিরিক্ত তাপ ছড়ায় না, নিয়ন্ত্রণও করা  সহজ এবং যেকোনো সাইজের রান্নাঘরে এটি স্বাচ্ছন্দ্যে সেট হয়ে যায়।

প্রতিটি ইলেকট্রনিক পণ্যের মতো ইন্ডাকশন চুলা ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চললে আপনার চুলাটি দীর্ঘসময়ের জন্য ভালোভাবে সার্ভিস দিবে, চলুন আজকের ব্লগে এই নিয়মগুলো নিয়ে আলোচনা করা যাক। 

ইন্ডাকশন চুলা কীভাবে কাজ করে?

ইন্ডাকশন চুলা একটি বিশেষ ধরনের চুলা যা আগুনের পরিবর্তে চুম্বকীয় শক্তি ব্যবহার করে রান্না করে। এতে সরাসরি আগুন জ্বলে না। চুলার নিচে থাকা ইলেক্ট্রোম্যাগনেটিক কয়েল পাত্রের তলায় তাপ সৃষ্টি করে, এবং সেই তাপেই রান্না হয়। এক্ষেত্রে, রান্না অনেক দ্রুত হয়। এছাড়া তাপের অপচয় কম হয়, তাই বিদ্যুৎও বাঁচে। আশেপাশের জায়গাও অতিরিক্ত গরম হয় না।

ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম

ইন্ডাকশন চুলা ব্যবহার করার সময় কিছু সহজ নিয়ম মেনে চললে এটি নিরাপদ ও কার্যকর হয়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো:

১. সঠিক পাত্র নির্বাচন করুন

ইন্ডাকশন চুলা ব্যবহার করার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিক পাত্র বাছাই করা। সব পাত্র ইন্ডাকশন চুলায় কাজ করে না। পাত্রের তলা চুম্বকের মতো হওয়া দরকার। সহজভাবে পরীক্ষা করতে পারেন, পাত্রের তলায় চুম্বক ধরলেই যদি লেগে যায়, তবে সেটি ঠিক আছে। স্টেইনলেস স্টিল, কাস্ট আয়রন বা ম্যাগনেটিক বেসযুক্ত পাত্র ইন্ডাকশন চুলার জন্য সবচেয়ে ভালো।

সাধারণ অ্যালুমিনিয়াম, কাঁচ বা তামার পাত্র ব্যবহার করবেন না, কারণ এগুলো ইন্ডাকশন চুলায় ঠিকমতো কাজ করে না।

পাত্রের তলা  সমান ও মসৃণ হওয়া উচিত। যদি পাত্রের তলা বাঁকা বা উঁচু-নিচু হয়, তাহলে চুলার হিট সঠিকভাবে সব জায়গায়  পৌঁছাবে না ফলে রান্না ধীরে হবে। এছাড়া পাত্রের আকার চুলার হিটিং জোনের সাথে মিলিয়ে নেয়া ভালো, যাতে খাবার সমানভাবে গরম হয়।সঠিক পাত্র ব্যবহার করলে রান্না দ্রুত হয়, এবং বিদ্যুতের অপচয়ও কম হয়।

২. কুকার সঠিকভাবে সেটআপ করুন

ইন্ডাকশন চুলা ব্যবহার করার আগে সেটআপ করা খুব গুরুত্বপূর্ণ। চুলা এমন জায়গায় রাখুন যা সমতল ও শক্ত, যেখানে চুলাটি ঠিকভাবে দাঁড়ায় । চুলার নিচে এমন সারফেস ব্যবহার করুন যা গরম সহ্য করতে পারে। চুলার চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচল থাকা উচিত, যাতে চুলা গরম হলে বাড়তি তাপ চলে যেতে পারে। 

৩. পাওয়ার সেটিংস সঠিকভাবে ব্যবহার করুন

ইন্ডাকশন চুলায় রান্না করার সময় পাওয়ার সেটিংস খুব গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিটি খাবারের জন্য আলাদা তাপমাত্রা প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, ভাত বা ডাল সেদ্ধ করতে মাঝারি তাপে রান্না করা ভালো।ভাজাপোড়া খাবার তৈরি করতে হলে উচ্চ তাপ ব্যবহার করতে হয়। অন্যদিকে, চকলেট গলাতে, দুধ গরম করতে হলে কম তাপ রাখাই ভালো।

পাওয়ার সঠিকভাবে ব্যবহার না করলে খাবার পুড়ে যেতে পারে, পাত্রের ক্ষতি হতে পারে এবং বিদ্যুৎও বেশি খরচ হয়। 

আরও পরুনঃ- ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার পার্থক্য

৪. রান্নার সময় যে বিষয়গুলো মনে রাখবেন

রান্নার সময় কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। কখনো বাসন টেনে নামানো বা ঘষে সরানো ঠিক নয়, এতে চুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঢাকনা ব্যবহার করলে খাবার ভালো হয় এবং রান্না দ্রুত হয়। চুলার ওপর ভারী জিনিস রাখা ঠিক নয়। অপ্রয়োজনীয় ভারী বস্তু রাখলে চুলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

৫. নিরাপত্তা মেনে চলুন

ইন্ডাকশন চুলা সাধারণ চুলার চেয়ে অনেক নিরাপদ, কিন্তু সাবধান না হলে সমস্যা হতে পারে। রান্নার সময় সিরামিক প্লেট খুব গরম হয়, তাই গরম প্লেটে হাত দেওয়া উচিত নয়। শিশুদের কৌতূহল অনেক, তারা ভুল করে বোতাম চাপতে পারে, তাই তাদের চুলার কাছে যেতে দেবেন না। চুলার প্লাগ বা তার ভেজা হাত দিয়ে ধরবেন না, আর ফাটা ঢাকনা ব্যবহার করবেন না।

৬. পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ

ইন্ডাকশন কুকার ঠিকমতো কাজ করার জন্য সবসময় পরিষ্কার রাখা খুবই জরুরি। রান্না শেষ হয়ে কুকার ঠান্ডা হলে সেটি পরিষ্কার করা সবচেয়ে ভালো সময়। পরিষ্কারের জন্য নরম ভেজা কাপড় ও  হালকা ডিটারজেন্ট দিতে পারেন, কিন্তু শক্ত কেমিক্যাল বা স্টিলের উল ব্যবহার করবেন না। এছাড়া যদি কুকারের মধ্যে খাবারের কিছু অংশ পড়ে যায়, সঙ্গে সঙ্গে সুইচ বন্ধ করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

৭. কুকটপের পোড়া দাগ তুলবেন কীভাবে?

রান্নার সময় যদি কোনো পাত্রে খাবার পুড়ে যায় তখন প্রথমে পাত্রে পানি নিন, পানি যতটা আছে তার তিন ভাগের মধ্যে এক ভাগ ভিনিগার বা হালকা ডিটারজেন্ট মিশিয়ে দিন। এরপর পাত্রটি কম আঁচে প্রায় ১৫ মিনিট রাখুন। পানি ঠান্ডা হলে একটি আলতো কাপড় বা স্পঞ্জ দিয়ে ঘষুন। দেখবেন, পোড়া দাগ অনেক সহজেই উঠে গেছে। এটা এমনভাবে করতে পারেন যাতে পাত্রও খারাপ না হয় এবং দাগও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়।

৮. সাধারণ যেই ভুলগুলো এড়িয়ে চলবেন

যদি আপনি আপনার কুকার অনেক দিন ভালো রাখতে চান, তাহলে কিছু জিনিস খেয়াল রাখা খুব জরুরি। 

  • কখনো খালি কুকার গরম করবেন না, এতে কুকারের অংশ দ্রুত নষ্ট হতে পারে।
  • খুব বেশি তাপে রান্না করা বা পানি থাকা অবস্থায় কুকার চালানো এড়িয়ে চলুন।
  • রান্না শেষে কুকার পুরো শুকনো করে রাখুন।
  • ধোয়ার সময় নরম স্পঞ্জ ব্যবহার করুন, এতে কুকার দীর্ঘদিন নতুনের মতো থাকবে।

পরিশেষে

ইন্ডাকশন চুলা আমাদের রান্নাঘরে স্মার্ট সহকারী। এটি খাবার দ্রুত গরম করে, ধুলো-ময়লা কমায় এবং আগুনের ঝুঁকি কমায়। সঠিকভাবে ব্যবহার করলে এবং নিয়মিত রক্ষনাবেক্ষন  করলে ইন্ডাকশন চুলা দীর্ঘদিন ভালো থাকে এবং আপনার রান্নাকে  আরও সহজ করে দেয়।

আপনি যদি লং-টার্মে ঝামেলাহীন, সেফ আর ভ্যালু-ফর-মানি ইন্ডাকশন চুলা নিতে চান, তাহলে Apple Gadgets থেকে নিতে পারেন। এখানে পাবেন অরিজিনাল ব্র্যান্ড, অফিসিয়াল ওয়ারেন্টি ও দ্রুত ডেলিভারি।

Similar Posts